বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য,‘বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ রয়েছে। এগুলো লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি বন্ধ হওয়া জরুরি।’
বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে এক জনসভায় তিনি এসব কথা বলেন। কদমবাড়ী মহামানব গনেশ পাগল গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় হেলেন জেরীন খান বলেন, ‘নির্বাচন সামনে থাকায় কেউ চাইলে নির্দিষ্ট স্থানে পোস্টার লাগাতে পারে, তবে তা হতে হবে শৃঙ্খলার মধ্যে’।
তিনি বলেন, দেখা যাচ্ছে কেউ কেউ বিশাল অঙ্কের পোস্টার ছাপাচ্ছে—ফলে দুই লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি হয়। আর এসব নিয়েই সৃষ্টি হচ্ছে মারামারি ও বিশৃঙ্খলা। বিএনপি এমন পরিস্থিতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায় না,এজন্য দলীয়ভাবে পোস্টার লাগানো বন্ধ রাখা হয়েছে।
হেলেন জেরীন খান নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য পোস্টার-ব্যানার নীতিমালা প্রণয়ন করা দরকার। এতে করে একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’
চাঁদাবাজদের বিষয়ে তিনি বলেন, ‘এরা সংখ্যায় খুব কম, সবাই এদের চেনে। চাঁদাবাজদের কোনো দল নেই—এরা সবার ক্ষতি করে। জনগণকে এদের হাত থেকে রক্ষা করতেই হবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘বিএনপি একটি চাঁদাবাজমুক্ত দল। জাতীয়তাবাদী আদর্শের ভেতরে চাঁদাবাজদের কোনো স্থান নেই।’
রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু সভাপতিত্বে বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, কৃষকদল নেতা অ্যাড. অহিদুজ্জামান অহিদ খান, কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শরীফ সাইফুল কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান রাজৈর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

