হবিগঞ্জের মাধবপুর উপজেলার কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদা দাবির অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক বাছির মিয়া উপজেলার বেংগাডোবা গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সকালে কায়সার নগর বাসস্ট্যান্ডে একটি সিলেটগামী মাইক্রোবাসে কয়েকজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাছির মিয়া চালকের কাছে টাকা দাবি করেন। এ সময় চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চালক ও যাত্রীদের মারধর এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তী সময়ে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে কায়সারনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছির মিয়াকে আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা মাধবপুর থানার ডিউটি অফিসার তামান্না আক্তার ডলির কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা। থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

