ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ
ছবি: আমার দেশ

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার, ‌যার কারণে বিঘ্ন ঘটছে দাপ্তরিক কার্যক্রমের । কুমিল্লা দেবিদ্বারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা যোগদান করেছেন। গত সোমবার বিকালে তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন৷ যোগদানের পর থেকেই প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে ভিড় করছেন ইউএনওর কার্যালয়ে।

ফুল দিয়ে অতিরিক্ত শুভেচ্ছা জানানোকে ভিন্ন চোখে দেখছেন সাধারণ মানুষ। মতামত প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে । সামাজিক মাধ্যম ফেসবুকে কেউবা পক্ষে কেউবা বিপক্ষে লিখছেন ।

বিজ্ঞাপন

দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান ফেসবুকে লিখেন, শুনলাম ইউএনও অফিসে নাকি প্রচুর ভিড় থাকে, ফুলের শুভেচ্ছা নিতে নিতে ইউএনও হয়রান ।‌

সিরাজুল ইসলাম নামে একজন কমেন্ট করেন, ‘সরকার এমন একটা প্রজ্ঞাপন দেওয়া উচিত কোনো সরকারি কর্মকর্তাকে ফুল দিয়া যাবে না। তাইলে সব তেলবাজি বন্ধ হবে ।’

গোলাম কিবরিয়া একজন কমেন্টে বলেন, ‘উপজেলা প্রসাশনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানাবেন স্বাভাবিক ব্যাপার। অন্যরা ফুল দিয়ে কী পায়? দরকার কী? উনি জনগণের সেবা করার জন্য আসছেন। সরকার উনাকে সুযোগ-সুবিধা দিচ্ছে। আমার মনে হয় উনি ফুল নিতে নিতে আবার বিদায়ের সময় হয়ে যাবে। শুধু দেবিদ্বারে এই অবস্থাটা বেশি ‘

ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দেবিদ্বার-৪ আসন গণধিকার পরিষদ থেকে নির্বাচন করা জসীম উদ্দীন ।‌ একজন এমপি প্রার্থী হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় সমালোচনার জোয়ার সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত ফুল দেওয়ার কারণে দাপ্তরিক কার্যক্রম বিঘ্ন করছে কি না- এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা আমার দেশকে বলেন, ‘বিঘ্ন করছে না অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে । কুমিল্লার মানুষ খুব অতিথিপরায়ণ । দেবিদ্বারের মানুষের আতিথিয়তায় আমি মুগ্ধ ।’

অশোক বিক্রম চাকমা ৩৭তম বিসিএস কর্মকর্তা হিসেবে প্রথমে নোয়াখালী সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে ২০২২ সালে যোগদান করেন ৷ পরে তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার পদে সাড়ে পাঁচ মাস কর্মরত ছিলেন। ইউএনও অশোক বিক্রম চাকমা রাঙামাটি জেলা বাগাইছড়ি পৌরসভার জীপতলী এলাকার বাসিন্দা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন