ফরিদপুরের সালথায় আটঘর ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. আক্কাস মাতুব্বরের (৫০) ইয়াবা সেবনের ১২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার সকাল থেকে এ ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের খাটের ওপর খালি গায়ে বসে আক্কাস মাতুব্বর ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির পা দেখা যায়।
আক্কাস মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের বাসিন্দা ও আটঘর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের।
আক্কাস মাতুব্বরের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর পার্শ্ববর্তী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে হয়রানি করেন। এ সময় জোরপূর্বক তার হাতে ইয়াবা দিয়ে সেবন করানো হয় এবং ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়।
তবে কারা তাকে আটকে রেখেছিল এবং এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

