নির্বাচিত সরকার ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না: সেলিমা রহমান​

নির্বাচিত সরকার ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না: সেলিমা রহমান​

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এতবড় আন্দোলন সফল হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি নেতা-কর্মীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আজকের এ বিজয়।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচারী শেখ হাসিনা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলেন। কিন্তু কারাভোগ করেও তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। এজন্য আজকে বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে আমরা তাদের জানাই অভিনন্দন।

সেলিমা রহমান বলেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। কাঙ্ক্ষিত এ নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চাঁন ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। পরে নগরীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালীটি সদররোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো নগরী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তবে বিএনপির এ বিজয় র‍্যালি উপলক্ষে পুরো নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়।

এ দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। এ সময় তারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসম্বলিত ফেস্টুন নিয়ে নানান স্লোগান দেন। এ সময় পুরো সদর রোড ও তার আশপাশ এলাকা নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। দুপুর ১২টার দিনে নগরীতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন