সিলেটে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন।
মঙ্গলবার সকালে নগরীর শেখঘাট এলাকার নবাব রোডে পিডিবি অফিসের সামনে এ মিছিল করে সংগঠনটি। মিছিলে ৪০-৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন, যারা পলাতক জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির খানের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি এবং আশরাফুল আহমদ শাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিডিবি অফিসের সামনে অল্প সময়ের জন্য অবস্থান করে নাসির খানের সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে স্লোগান দিতে দিতে সামনের দিকে চলে যায়। মঞ্জুরুল আলম বলেন, ঘটনাস্থল থেকে আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

