নেত্রকোণার মোহনগঞ্জে আলোচিত ভুয়া এনআইডি ও জাল খারিজ চক্রের তিন সদস্যকে তিন দিন জেলগেট জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নেত্রকোণা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক সানজানা হকের আদালতে আসামিরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিন দিন জেলগেট জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
জিজ্ঞাসাবাদের আদেশ পাওয়া আসামিরা হলেন— মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের মৃত এ কে এম মাহবুবুল হকের ছেলে এস এম রাকিবুল হক বাপ্পি (২৮), বারহাট্টা উপজেলার আলকদিয়া গ্রামের হামিদুল মুন্সির ছেলে শাকিল (৩২) ও হাট মোহনগঞ্জ এলাকার মৃত কালী সাধন দত্তের ছেলে সুটন দত্ত (৪৩)।
জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি, জাল খারিজ, ভুয়া জন্মনিবন্ধন, জাল খতিয়ান, জাল পৌরসভার ট্রেড লাইসেন্স ও জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-03f8cf-720x405.webp)