সীমান্তে টহল দিতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

সীমান্তে টহল দিতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

মাদকবিরোধী অভিযানে গিয়ে যশোরের বেনাপোল সীমান্তে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন বিজিবি সদস্য। গুরুতর আহত হয়েছেন বিজিবির আরও এক সদস্য।

বিজ্ঞাপন

নিহত মোজাম্মেল হক (৩৫) বিজিবির বেনাপোল পোর্ট থানার পুটখালী ক্যাম্পের সিপাহি ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। গুরুতর আহত হাবিলদার দেলোয়ার হোসেনের (৪৫) বাড়ি ঝালকাঠি জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ ও ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার।

মুন্সি সলিমুল্লাহ জানান, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় পুটখালী ক্যাম্প থেকে সিপাহি মোজাম্মেল হক ও হাবিলদার দেলোয়ার হোসেন সীমান্ত এলাকায় টহল দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে বের হন। তারা পুটখালী ক্যাম্পের মসজিদবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।

দুজনকে দ্রুত উদ্ধার করে নাভারনের বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহি মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত দেলোয়ার হোসেনকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তখনই দেলোয়ারকে ঢাকায় স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজয় জানান, আহত দেলোয়ারের মুখ ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন