প্রশাসনের সহায়তা না পেয়ে কাঁদলেন চবি উপ-উপাচার্য

প্রশাসনের সহায়তা না পেয়ে কাঁদলেন চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় প্রক্টর, দুই উপ-উপাচার্যসহ দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে হতাশা-অভিযোগের সুরে কান্নায় ভেঙে পড়লেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বিজ্ঞাপন

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চবি মেডিকেলে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমি তুলনামূলকভাবে ভালো আছি, কিন্তু আমার শিক্ষার্থীরা অনেক বেশি আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা আর্মি বা বিজিবির কোনো সহযোগিতা পাইনি। শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। আমাদের প্রক্টর, প্রো-ভিসি একাডেমিক সহ অনেক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। মেডিক্যালে জায়গারও সংকট তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু এখনো কোনো সহায়তা পাইনি। ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করছে।

শান্ত থাকার আহ্বান জানিয়ে উপ-উপাচার্য বলেন, আমার শিক্ষার্থীদের বলছি, তোমরা শান্ত হও। এলাকাবাসীকেও অনুরোধ করছি শান্ত থাকার জন্য। বিশ্ববিদ্যালয় ও গ্রামের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। কিছু কুচক্রী মহলের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা চাই সবাই পরিস্থিতি স্বাভাবিক রাখুক।

তিনি আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশে আমরা আছি। এ ঘটনার বিচার অবশ্যই হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও প্রক্টর স্থানীয়দের সাথে সমাঝোতা করতে গেলে তারা আবার শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে যৌথবাহিনি ক্যাম্পাসে আসে বিকেল ৪টার দিকে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন