চুয়েটে র‌্যাগিং: ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চুয়েটে র‌্যাগিং: ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মাহবুবুল আলম।

চুয়েট সূত্রে জানায়, গত ১৩ আগস্ট রাতে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা হঠাৎ পরিদর্শনে গেলে এন–৫১২ নম্বর কক্ষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে র‌্যাগিং অবস্থায় দেখতে পান। এ ঘটনায় প্রভোস্টদের প্রতিবেদন হাতে পাওয়ার পর সোমবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে নোটিশ জারি করেন।

নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাই ২০২৩–২৪ শিক্ষাবর্ষের। আর র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা সম্প্রতি ভর্তি হয়েছেন। কয়েকদিন আগে তাদের ক্লাস শুরু হয়েছিল। নোটিশ প্রাপ্তরা হলেন, আহমেদ ইনতিসার, আব্দুল্লাহ আল নাসির, তানভীর খান, সাজ্জাদ হাসান, মনসুর আলম সিয়াম, মোনতাসির হোসেন মাহি, মো. রাফি আহম্মদ ভূইয়া, সাখাওয়াত হোসেন সজীব, এসকে ফাহিম আহমেদ এবং এম আতিকুর রহমান ফাহিম।

নোটিশে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ অধিদপ্তরে লিখিত জবাব দাখিল করতে হবে। একইসাথে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্যও দিতে হবে।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মাহবুবুল আলম আমার দেশকে জানান, নতু ভর্তি হওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশকে একটি কক্ষে এনে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছিল। তাদেরকে র‌্যাগিং করে অত্যাচার করছিল এক ব্যাচ সিনিয়ররা। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন