আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণের মুখোমুখি চাঁদপুর-৩ প্রার্থীরা

জেলা প্রতিনিধি, চাঁদপুর

জনগণের মুখোমুখি চাঁদপুর-৩ প্রার্থীরা

একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেইÑ স্লোগানে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জনগণের মুখোমুখি হয়েছেন চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গত রোববার সন্ধ্যায় শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

 সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। তিনি বলেন, আমাদেরকে রাজনৈতিক প্রথাগত ধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে হবে। আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা। তিনি প্রার্থী ও তার কর্মী সমর্থকদের নির্বাচনি আচরণবিধি পরিপূর্ণভাবে মেনে চলার বিষয়টি তুলে ধরেন বক্তব্যে।

বিজ্ঞাপন

চাঁদপুর-৩ আসন কেমন হবে, প্রার্থীরা কী ভাবছেন এবং ভোটারদের প্রত্যাশা কি এ বিষয়ে তিনজন ভোটার প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর ও প্রার্থীদের নিজস্ব পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া, ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্যাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জাকির হোসেন।

প্রার্থীদের কাছে চাঁদপুরবাসীর প্রশ্নকারীদের চাওয়া ভোটাধিকার নিশ্চিত করা, হ্যাঁ ভোট প্রদান, নদীভাঙন প্রতিরোধ, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক চার লেন, চাঁদপুর-লাকসাম রেলপথে স্টেশনগুলো চালু করা, নতুন ট্রেন চালু করা, চাঁদপুর-কক্সবাজার ট্রেন চালু করা, বড় স্টেশন মোলহেডকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যানজট নিরসন, মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার বিষয়গুলো বক্তব্যে তুলে ধরেন।

প্রার্থীদের বক্তব্যে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক সকলের অংশগ্রহণে চাঁদপুরের উন্নয়ন করার অভিমত ব্যক্ত করেন। নির্বাচিত হলে তিনি চাঁদপুরে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে চেষ্টা করবেন । মানুষ যাতে ভোট দিতে পারে সে বিষয়ে নিশ্চয়তা দেন।

জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া বলেন, তিনি নির্বাচিত হলে নির্বাচনি এলাকায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। চাঁদপুরবাসীর প্রধান সমস্যা নদীভাঙন প্রতিরোধ, সরকারি হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে কাজ করবেন। এ সময় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেনÑসুজন চাঁদপুর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এবং সুজন জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন