আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুর-৪ আসনে নির্বাচনি দায়িত্বে কেন্দ্রীয় যুবদলের তারেকুর রহমান

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুর-৪ আসনে নির্বাচনি দায়িত্বে কেন্দ্রীয় যুবদলের তারেকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদল কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তারেকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার যুবদল নেতাকর্মীদের পৃথকভাবে দায়িত্ব বণ্টন করে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ বিষয়ে তারেকুর রহমান বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ একজন জনপ্রিয় ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা। দলীয় নির্দেশনা অনুযায়ী এবং আমাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।

তিনি আরো বলেন, ইতোমধ্যে স্থানীয় যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথক পৃথক দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে চাঁদপুর-৪ আসনে যুবদলের সমন্বয় কার্যক্রম জোরদার করতে আরো তিনজনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা নাজমুল হাই রায়হানকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন