কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে পিলার ও বিমে ফাটল দেখা দেওয়ায় চরম ঝুঁকির মধ্যে চলছে চিকিৎসাসেবা। ভবনের বিভিন্ন অংশের দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দক্ষিণ পাশের একটি গুরুত্বপূর্ণ পিলারে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে নিচে পড়ার ঘটনাও ঘটেছে একাধিকবার।
শিশু ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা নাসরিন আক্তার জানান, শিশু ওয়ার্ডে দায়িত্ব পালনকালে একাধিকবার ছাদের অংশ ভেঙে পড়েছে। এতে আমরা যেমন আতঙ্কিত হচ্ছি, তেমনি রোগী ও তাদের স্বজনদের মাঝেও ভয় কাজ করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভবন এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
গোলাম মাওলা সিপন নামে এক রোগীর স্বজন বলেন, এখানে মানুষ চিকিৎসা নিতে আসে । কিন্তু ভবন ভেঙে পড়লে দায় নেবে কে? দ্রুত ভবনটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা ও জরুরি সংস্কার কাজ শুরু না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে ঝুঁকিপূর্ণ অংশ ব্যবহার বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিবুল হাসান বলেন, ভবনের বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে কারিগরি পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

