অধ্যক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল

আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ আমলে অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থা সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। বর্তমানে শিক্ষাব্যবস্থা আরো আধুনিক ও সময়োপযোগী করা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না।

সরকারপ্রধান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখার মধ্যেই অনেক চূড়ান্ত সাফল্য নয়; বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হতে দেওয়া উচিত, এই সুযোগটি তৈরি করা উচিত।’

অধ্যক্ষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা কলেজের প্রধান, কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানই নন, আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শক। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষকদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে। শহর কিংবা গ্রাম সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...