মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করা হয়।

পরে দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খানের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ পৌর শহরের দেওয়ান পাড়ার বাসিন্দা আক্কাস আলী (৩৫), পূর্ব উজানচর এলাকার রানা সরদার (২৪) এবং মাতুব্বরপাড়া এলাকার রয়েল শেখ (২৫)।

মো. মুনতাসির খান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন