ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমরান হোসেন নামে ৩২ বছর বয়সী এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান একই এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম সানি। তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমরান। এ সময় কড়ইতলা আশ্রয়ণ কেন্দ্রের সামনে সানিকে ইয়াবা সেবন করতে দেখেন তিনি। এ নিয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেল থেকে রড বের করে ইমরানকে এলোপাতাড়ি পেটান সানি। একপর্যায়ে স্থানীয়রা এলে তিনি পালিয়ে যান। পরে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফের মারধর করেন সানি ও তার লোকজন। উপায় না পেয়ে স্বজনরা মাইক্রোবাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইমরানের বোন চম্পা বলেন, হাসপাতাল গেটে ফের হামলা না চালিয়ে চিকিৎসা করতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেতো। কিন্তু এখন আর আমার ভাই নেই। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
গফরগাঁও থানার ওসি মুহাম্মাদ শিবিরুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

