ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম ওয়ার্ডে নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে কাউকে ছাড়পত্র দেওয়া হয়নি। বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ১১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম ইউনিটের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, দুই শিশুর একজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। চার মাস বয়সি ওই শিশু গত ২২ মে রাত ১টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, সন্দেহজনক হামের সঙ্গে নিউমোনিয়া, হৃদযন্ত্রের অকার্যকারিতা (হার্ট ফেইলিউর) এবং মেনিনজাইটিসের জটিলতা তার মৃত্যুর কারণ হতে পারে।

অপরদিকে, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকার তিন মাস ১৫ দিন বয়সি আরেক শিশু গত ২৫ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে বেলা ১১টায় তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হামের সঙ্গে নিউমোনিয়া ও সেপটিক শকের কারণে তার মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট ১ হাজার ৭০৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন