ছেলের সামনে মাকে ধর্ষণ: মামলার প্রধান আসামির বাড়ি ভাঙচুর

ছেলের সামনে মাকে ধর্ষণ: মামলার প্রধান আসামির বাড়ি ভাঙচুর
ছবি: আমার দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে গিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বসতঘরের টিনের বেড়া ও চাল ভেঙে ফেলা হয়। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়। ভাঙচুরের আগে আসামির পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যান এবং ঘরের মালামালও সরিয়ে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলে বলে স্থানীয়রা জানায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, ‘প্রধান আসামি শরীফের বাড়িতে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর করেছে। এমন ন্যক্কারজনক ও লোমহর্ষক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হওয়া দরকার। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালিবাড়ি এলাকায় এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে পাঁচ যুবক গিয়ে তার ১৪ বছর বয়সী ছেলে, নবম শ্রেণির শিক্ষার্থীর কাছে পানি চান। ওই কিশোর পানি নিয়ে দরজার কাছে এলে যুবকেরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করেন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে তারা ঘরে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়। এরপর ওই নারীকে তার ছেলের সামনে কয়েকজন মিলে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় চর কালিবাড়ি এলাকার শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)-এর নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ধর্ষণের ঘটনাটি অভিযুক্তদের একজন ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে ঘটনা কাউকে জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। ডাকাতেরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, ‘প্রধান আসামির বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্য আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে রাজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন