রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় আ. রহিমের (৩০) মৃত্যু হয়। তিনি উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। এ সময় আরো এক বাংলাদেশি ও নাইজেরিয়ান যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে রাশিয়া যান রহিম। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি সেখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন। পরে জানতে পারেন, চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। বিষয়টি তিনি পরিবারের কাছ থেকে গোপন রেখেছিলেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে রহিমের বন্ধু লিমন দত্ত সামাজিক মাধ্যমে মেসেঞ্জারে পরিবারের সদস্যদের রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লিমন নিজেও একই ক্যাম্পে রুশ সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন। হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন তিনি, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রহিমের মা রমিচা খাতুন বলেন, ‘আমার বড় ছেলে সংসারের সচ্ছলতা ফেরাতে বিদেশ গিয়েছিল। সে-ই আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। সংসারে শান্তি ফেরাতে গিয়ে নিজেই যুদ্ধের ময়দানে মারা গেল। তোমরা আমার ছেলেকে এনে দাও, আমার কলিজার টুকরা ছেলেটারে একবার দেখি।’
নিহতের বাবা আজিজুল হক বলেন, ‘এখন আমার সব শেষ হয়ে গেছে। আমার ছেলেকে আর ফিরে পাব না। তার লাশটা যেন সরকার দেখার ব্যবস্থা করে দেয়।’
ফুলবাড়িয়া থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে আমরা এখনো ম্যাসেজ পাইনি। আমাদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

