জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা লাকী আক্তার (৪০) ও ছেলে মো. রাজু মিয়া (১৪)। চোখের সামনে ছেলে ও পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ দাদি বুলি বেগম।
মঙ্গলবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন চুলকানিবিল পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশীদের ছেলে মো. রাজু ও তার স্ত্রী লাকী আক্তার । আহত দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে কিশোর রাজু নিজেই সেটি মেরামতের চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান মা লাকী আক্তার। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
একই সময়ে চোখের সামনে ছেলে ও পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে আসেন রাজুর দাদি বুলি বেগম। তাদের ছাড়াতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই রাজু ও তার মা লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
একসঙ্গে মা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

