চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি (ময়মনসিংহ)

চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফতাব শাহরিয়ার মাহির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চার মাস আগে পরিবারের কাছে আবদার করে কেনা মোটরসাইকেল চালিয়েই দুর্ঘটনার শিকার হোন তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার।

বিজ্ঞাপন

নিহত মাহির নান্দাইল উপজেলার মুসল্লী গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। পরিবারসহ তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে বসবাস করতেন। মাহির ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলে করে হারুয়া এলাকার দিকে যাচ্ছিল মাহির। চরহোসেনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মাহির সড়কের পাশে ছিটকে পড়ে।

স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, বন্ধুদের অনেকের মোটরসাইকেল থাকায় মাহিরও একটি মোটরসাইকেল কেনার জন্য দীর্ঘদিন ধরে পরিবারের কাছে আবদার করে আসছিলো। প্রথমদিকে বাবা আপত্তি জানালেও শেষ পর্যন্ত ছেলের ইচ্ছার কাছে হার মানেন। প্রায় চার মাস আগে ২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে তার জন্য একটি মোটরসাইকেল কেনা হয়।

হাসপাতালে ছেলের লাশের পাশে দাঁড়িয়ে আবদুল কাইয়ুম বলেন, “ছেলের ইচ্ছা পূরণ করতেই মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। কখনো ভাবিনি সেই মোটরসাইকেলই আমার একমাত্র ছেলেকে এভাবে কেড়ে নেবে।”

নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। আকস্মিক এ মৃত্যুর খবরে এলাকাজুড়েও শোকের ছায়া নেমে আসে।

ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোশারফ বলেন, মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক সময়ে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন