দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “আপনারা তথ্য সংগ্রহ করবেন ছাপরা ঘর থেকে। নিম্নবিত্তদের কাছে যাবেন, অসহায়দের কাছে যাবেন। যার ঘর নেই, তার তথ্য আগে সংগ্রহ করবেন।”

রোববার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (২০২৬) জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে আয়োজিত নির্দেশনামূলক সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।

তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, “সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, সরকার আপনাদের একটি ভাতা দেবে। কাজের বিনিময়েই আপনারা তা পাচ্ছেন। এর বাইরে গিয়ে যদি স্বজনপ্রীতি করেন, দুর্নীতি করেন—দুটিই কিন্তু সমান অপরাধ।”

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সরকারি সুবিধা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে তথ্য সংগ্রহকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, “প্রথম দিকে কলমাকান্দায় যারা ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করেছেন, তারা টাকার বিনিময়ে কার্ড দিয়েছেন—এ কথা আমি বলব না। তবে তাদের মধ্যে সততার অভাব ছিল।”

এ কারণে এবার তথ্য সংগ্রহের কাজে নিয়োজিতদের সঙ্গে সরাসরি বসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে কায়সার কামাল বলেন, “দারিদ্র্যের মধ্যে যারা জর্জরিত, তাদের সর্বপ্রথম তথ্য নেবেন।”

তিনি বলেন, পাকা দালানের মালিক বা সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত না করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করতে হবে। সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কোনো প্রভাব বিবেচনায় না নেওয়ার কথাও জানান তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, “আমি নির্বাচনের আগে যে কথা দিয়েছিলাম, আমি কিন্তু সেটা করে দেখাব, ইনশাআল্লাহ।”

সভায় কলমাকান্দার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। উপজেলার দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গারো ও হাজং জনগোষ্ঠীর শিক্ষা, নিরাপদ পানীয় জল ও বাসস্থানের সংকট দূরীকরণে সরকারের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

জরিপের কাজে নিয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিদ্যুৎ সংকটের বিষয়টিও উঠে আসে। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আশাবাদ ব্যক্ত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন