ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে দায়িত্ব নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। প্রথমে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।
সামাজিক মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, ছাত্রজীবনে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং ছদ্মনামে ব্লগে লেখালেখির বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ার পর এ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোহাম্মদ নিয়ামত উল্ল্যা গত ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৩৮তম বিসিএসের কর্মকর্তা এবং ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ ১ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব নেন।
নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন জানান, তিনি নিয়ামত উল্ল্যার সঙ্গে কথা বলেছেন।
নিয়ামতের ভাষ্য অনুযায়ী, চাকরিজীবনে তিনি নির্বাচনি দায়িত্ব পালন করেছেন এবং তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সফরের সময় তাকে খাবার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন বলেন, রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম আদেশে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট প্রকাশিত হয়েছে। এসব বিষয় কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

