মাদকসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

মাদকসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

জামালপুরের মেলান্দহ উপজেলায় স্বেচ্ছাসেবকদল নেতাকে মাদকসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, দল কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সোলায়মান ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান ইসলামকে মদকসহ আটক করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন