নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের মধ্য আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোমা আক্তার (৩০) নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। তিনি আব্দুস সাত্তারের মেয়ে এবং মো. সাদ্দামের স্ত্রী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে অন্তত ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর