ঘুসের বিনিময়ে হত্যাকে আত্মহত্যা

চিকিৎসকের বিরুদ্ধে ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

 চিকিৎসকের বিরুদ্ধে ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ
অভিযুক্ত ডা. হারুন অর রশিদ। ছবি: আমার দেশ

জামালপুরের মাদারগঞ্জে সাথী আক্তার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে সাথীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের এক চিকিৎসক আর্থিক সুবিধার বিনিময়ে ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দিয়েছেন।

নিহতের বাবা সাইদুর রহমানের অভিযোগ, ময়নাতদন্তের আগে আর্থিক লেনদেন নিয়ে দেনদরবার হয় এবং একপর্যায়ে তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। আসামিপক্ষের সঙ্গে যোগসাজশ করে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদন পুনঃপর্যালোচনা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল সার্জন কার্যালয় ও পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ময়নাতদন্তকারী চিকিৎসক জামালপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তে লাশে যা পাওয়া গেছে, প্রতিবেদনে সেটিই উল্লেখ করা হয়েছে। কোনো আর্থিক লেনদেন বা পক্ষপাতের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই।

পরিবারের দাবি, ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের অভিযোগপত্রের কারণে প্রকৃত ঘটনা আড়াল হয়েছে। তাই ঘটনাস্থলের আলামত, লাশ উদ্ধারের পরিস্থিতি, চিকিৎসাবিষয়ক নথি ও ময়নাতদন্ত প্রতিবেদন পুনঃপর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন