গফরগাঁওয়ে কবরস্থান থেকে দুই কঙ্কাল চুরি

গফরগাঁওয়ে কবরস্থান থেকে দুই কঙ্কাল চুরি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী মীরবাড়ি গ্রামের দরগাহ ভিটা কবরস্থান থেকে দুইটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর দুটি খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্থানীয়রা কবরস্থানটিতে গিয়ে দুটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মৃতদের স্বজনদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে কবর দুটি খালি দেখতে পান। কবরের আশপাশে মানুষের চুলও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলাসী মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর মোশারফ হোসেন প্রায় দেড় বছর আগে মারা যান। অন্যদিকে ধামাইল গ্রামের বাসিন্দা শামছুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম প্রায় দুই বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর দুজনকেই বাড়ির পাশের দরগাহ ভিটা কবরস্থানে দাফন করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর দুটির মাটি খুঁড়ে ভেতর থেকে কঙ্কাল তুলে নিয়ে যায়। রাতের কোনো একসময় এ ঘটনা ঘটলেও সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর বাদল মিয়া বলেন, “দুর্বৃত্তরা আমাদের মীরবাড়ি দরগাহ ভিটা কবরস্থানের দুটি কবর খুঁড়ে এক রাতেই দুইটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”

স্থানীয় আরেক বাসিন্দা মীর মনির হোসেন জানান, এর আগেও একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কবরস্থানের নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন