ময়মনসিংহে এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলি মসজিদ রোডের নাসা টাওয়ারের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিশার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে সকাল ৬টার দিকে তিনি মেসের ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম জানান, পরীক্ষা-সংক্রান্ত কোনো মানসিক চাপ বা অন্য কোনো কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ বিষয়ে নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

