জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দুপুরে আল-সাদিক হৃদয় নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছে। এরপর স্মৃতিস্তম্ভের পাশে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল-সাদিক হৃদয় স্ত্রীসহ মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া জামালপুরে আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর সরেজমিন দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে আছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তারা।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমরা আগেই এমন ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এরপরও ভোরে দুর্বৃত্তরা এসে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

