পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত পুকুর থেকে। রোববার ময়মনসিংহ সদরের দাপুনিয়া ইউনিয়নের কাওয়ালটি এলাকার পুকুর থেকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলো পিয়াদা বাড়ির আসাদুজ্জামানের ছেলে রেজুয়ান আহমেদ (৫) ও আরিফ রব্বানীর ছেলে হুসাইন (৪)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রেজুয়ান ও হুসাইন বাড়ির উঠানে খেলছিল। এরপর হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে যায়। পরিবার ও আশপাশের লোকজন সারাদিন ও রাতজুড়ে তাদের খোঁজাখুঁজি করে।

বিজ্ঞাপন

এদিকে রোববার বাড়ির পাশের একটি ময়লা-আবর্জনাযুক্ত পরিত্যক্ত পুকুরে দুই শিশুর জুতা ভেসে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে পুকুরে খোঁজাখুঁজি করে দুই শিশুর লাশ পাওয়া যায়।

নিহত হুসাইনের বড় ভাই আব্দুল কাদির বলেন, যে পুকুরে তাদের লাশ পাওয়া গেছে, সেখানে তারা খেলতে যায়নি এটা আমাদের নিশ্চিত জানা। পুকুরটি অনেক দিন ধরে ব্যবহার হয়নি, ময়লা-আবর্জনায় ভর্তি। কীভাবে তারা সেখানে গেল, বুঝে উঠতে পারছি না।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, দুই শিশুর লাশ উদ্ধারের পর কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন