জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ২-৩ ঘন্টা বিদ্যুৎ আবার পাওয়া যাচ্ছে ৫ মিনিট থেকে ৩০ মিনিট করে।
বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ সাব-স্টেশনের আওতায় ৯৮ হাজার গ্রাহক রয়েছে। এতে বিদ্যুতের চাহিদা প্রায় ২৪ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি পূরণে বাধ্য হয়ে ঘনঘন লোডশেডিং দিতে হচ্ছে।
অন্যদিকে, এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। অনেক শিক্ষার্থী মোমবাতি ওপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। জ্বালানি সংকটের কারণে হারিকেনও জ্বালানো সম্ভব হচ্ছে না।
এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষের রুজি-রোজগারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের অভাবে দোকানপাট, ওয়ার্কশপ ও অন্যান্য ছোট ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে।
অটোরিকশার ব্যাটারি চার্জ না দিতে পারায় শহরে আর তেমন অটোরিকশা চোখে পরছে না কিছু সংখ্যক অটোরিকশা দেখা মিললেও যাত্রীদের ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণ।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে কৃষি উৎপাদন, শিক্ষাব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতি আরো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
অটোরিকশা চালক কালাম মিয়া বলেন, কারেন্ট না থাকায় আমরা অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছি না। ২৪ ঘণ্টা কারেন্ট থাকে ২ থেকে ৩ ঘণ্টা। তবুও ১০ মিনিট ১৫ মিনিট থাকে আবার চলে যায় এভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ করা সম্ভব হয় না। আমার পেশায় গাড়ি চালিয়ে খাওয়া আর গাড়ি কিনেছি সমিতির টাকা তুলে, গত কয়েকদিন থেকে বাজারও করতে পারতেছিনা আর কিস্তি চালাতে হচ্ছে ধারদেনা করে।
এ বিষয়ে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. আকবর হোসেন মিয়া বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সাব স্টেশনে বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ৭ থেকে ৮ মেগাওয়াট ফলে লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

