স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ড কিংবা একটি বালুকণার ওপরও কাউকে আগ্রাসন চালাতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে জনগণও পাশে দাঁড়াবে।

শুক্রবার সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ আমাদের সবার। দেশকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। দেশের এক ইঞ্চি জায়গা কিংবা একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজন হলে বিজিবির পাশাপাশি দেশের মানুষও সীমান্ত রক্ষায় ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।”

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল সংসদে এনেছে। তবে জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলের দাবি জানায়।

তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে কিছুটা সীমিত রাখা। আমরা সেটি চাই না। আমরা চাই সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল হোক। মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে।”

সংসদে মাদক পাচার নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সংসদে একজন সদস্য বলেছেন, সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে। বিষয়টি যদি সত্য হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দেখতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজ এলাকা থেকেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়।”

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

এ সময় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোনা পৌর জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...