রেল স্টেশন পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

রেল স্টেশন পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোণা পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন পরিদর্শন ও মতবিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বিজ্ঞাপন

জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহানসহ প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন