ছাত্রীকে অপহরণচেষ্টায় তরুণী আটক

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

ছাত্রীকে অপহরণচেষ্টায় তরুণী আটক
অপহরণকারী ইসরাত জাহান মিম

নেত্রকোনার মোহনগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালানোর সময় অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার মোহনগঞ্জ সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুয়াইর গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের মেয়ে নাদিয়া আক্তার (১০) মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদর্শ নগর বাজার এলাকায় প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট শেষে তিন শিক্ষার্থীর সঙ্গে ফিরছিল নাদিয়া। এ সময় ইসরাত জাহান মিম (২০) তাকে অপহরণ করে।

নাদিয়ার চাচা হেলাল উদ্দিন জানান, অপহরণকারী নাদিয়াকে তার মায়ের জন্য কিছু উপহার দেওয়ার কথা বলে আদর্শ নগর বাজার থেকে একটি মোটরসাইকেলে করে মোহনগঞ্জ নিয়ে আসে। এখানে নাদিয়ার কানের দুল খুলে স্বর্ণের দোকানে বিক্রি করে মিম। পরনের জামা ফেলে নাদিয়াকে লাল রঙের জামা কিনে দেয়। নাদিয়া তখনো ভাবছিলো তার আন্টিই হবে হয়তো। পরে মোহনগঞ্জ সিএনজি স্টেশন মোড়ে অন্য একটি মোটরসাইকেল ভাড়া করে নাদিয়াকে কিশোরগঞ্জ নিয়ে যাবে। এ নিয়ে তর্কাতর্কি শুরু হলে স্থানীয়দের কাছে নাদিয়া সব কিছু বলে দেয়। পরে স্থানীয়রা অপহরণকারীকে পুলিশের হাতে তুলে দেয়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বুধবার নাদিয়ার মা কল্পনা আক্তার ইসরাত জাহান মিমকে আসামি করে অপহরণ মামলা করেছেন। ওই নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন