ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের অটোরিকশাচালক জসিম (৩৮) এবং অজ্ঞাতনামা এক পুরুষ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিরবাজারে বালুবাহী একটি ড্রাম ট্রাক ময়মনসিংহের দিকে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাচালক জসিম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা অপর পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন