কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় সারোয়ার হোসেন (১৬) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় উপজেলার পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের মরুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই সিএনজি যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ। আহতরা হলেন একই এলাকার মালেক মিয়ার ছেলে আশরাফ আলী (২০) ও মারুফ মিয়ার মেয়ে জেবিন (১৮)। নিহত ও আহতরা সবাই সিএনজি যাত্রী ছিলেন।
জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের মরুরা এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় তিন সিএনজি যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

