নেত্রকোণা পৌর শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় ঢুকে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় গৃহবধূর স্বামী আবু চান ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্থানীয় রিকশাচালক আব্দুর রশিদকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ, স্থানীয় জনসাধারণ ও নিহতের স্বজনেরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চায়নার স্বামী আবু চান তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানান বাসায় হামলা হয়েছে। পরে ছেলে ও আশপাশের লোকজন এসে বাড়ির কর্তা ও তার ছেলে মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে।
পরে স্থানীয়রা গৃহকর্ত্রীকে খোজাঁখুঁজি করে না পেয়ে বাসার খাটের নিচ থেকে লাশ উদ্ধার করে । চায়নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনার মূল্য রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

