নেত্রকোনার মদনে বিলে বিষ প্রয়োগ করে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে রোমান মিয়া সোমবার রাতে মদন থানায় অভিযোগ করেছেন।
উপজেলার কদমশ্রী বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের বিলে রোববার রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মসুয়া হাওরের বিলটি তিনটি মসজিদ ও একটি কবরস্থানের নামে প্রায় ১৩ লাখ টাকায় ইজারা নেন রোমান মিয়াসহ অন্য অংশীদাররা। রোববার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে প্রতিবেশী ফরসুদ মিয়াকে বিলের মাঝে দেখা যায় । তাকে ডাকাডাকি করার পরও তিনি পরিচয় না দিয়ে অন্য জায়গা দিয়ে চলে যান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, বিলের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
এ নিয়ে বিলের অংশীদার রোমান মিয়া একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফরসুদ মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ফরসুদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিলে বিষ দিইনি, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে।’
মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

