১০ এতিমের দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী

১০ এতিমের দায়িত্ব নিলেন মালয়েশিয়া প্রবাসী

জামালপুর সদরের নান্দিনায় ১০ জন এতিম শিশুর আজীবনের দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার। একই সঙ্গে এতিম ও অসহায়দের মধ্যে ইসলামিক কিতাব বিতরণ করা হয়েছে। রোববার রাতে নান্দিনার বাঁশহাটা এলাকায় রাজিব সরকারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী রাজিব সরকার বলেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরে তিনি আনন্দিত। ১০ জন এতিমের আজীবন দায়িত্ব নিয়েছেন তিনি। তাদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করারও আশ্বাস দেন রাজিব সরকার। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন। পরে এতিম ও অসহায়দের হাতে ইসলামিক কিতাব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা মো. আবু ইউসুফ। এতে উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নওয়াব হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন