আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের খাদ্যগুদাম সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা গরুরহাটা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো যাতে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে উপজেলা ছাত্রলীগ ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আবু তাহের তালুকদার আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার এবং আশরাফ উদ্দিন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...