নেত্রকোণার পূর্বধলায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জায়গার গাছ কেটে জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা সদরের খাদ্য গুদাম রোড এলাকার ‘রোজ মেডিক্যাল হল’-এর মালিক শাহীন তালুকদারের বিরুদ্ধে।
গত ২২ জুলাই উপজেলা সদরের পাটবাজার এলাকার বাসিন্দা মোস্তফা মামুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১৮ সালে তৎকালীন সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বধলা বাজারের মুরগি মহালসংলগ্ন সরকারি জায়গার দুটি গাছ কেটে ফেলেন শাহীন তালুকদার। একই সঙ্গে সরকারি জমির একটি অংশ দখল করে নিজের বসতবাড়ির দেয়ালের একাংশ ও সীমানাপ্রাচীর নির্মাণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়ে সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করলে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজ শেষ করা হয়। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
স্থানীয়রা জানান, সরকারি সম্পত্তি দখলমুক্ত করা এবং অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে জমি দখলমুক্তকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাহীন তালুকদার। তিনি বলেন, আমি আমার নিজস্ব জমিতে বসতবাড়ি নির্মাণ করছি। সেখানে ছোট ছোট জিগার গাছ ছিল, সেগুলো কেটেছি। তদন্তে যদি প্রমাণ হয় যে আমার নির্মাণাধীন বাড়ি সরকারি জমির ওপর রয়েছে, তাহলে আমি নিজেই সেটি ভেঙে ফেলব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


