জামালপুর প্রেসক্লাব মিলনায়ন যেন এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যখন ‘আমার দেশ’ পাঠকদের উপস্থিতিতে পাঠক মেলার নবগঠিত জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ সংগঠন।
অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাখার সভাপতি, বাচিক শিল্পী জাকিরুল ইসলাম মিন্টু। সাধারণ সম্পাদক কবি হৃদয় লোহানীর সঞ্চালনায় বক্তারা একে একে তুলে ধরেন “আমার দেশ” পত্রিকার সংগ্রামী ইতিহাস, দেশপ্রেমিক অবস্থান এবং নিপীড়নের বিরুদ্ধে সাহসী উচ্চারণের কথা।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে সোচ্চার হওয়ায় পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। আপসহীন সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশজুড়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়, যার ফলে তাকে আদালত থেকে আদালতে ঘুরে বেড়াতে হয়েছে রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে তাকে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য করা হয়।
তারা আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নির্বাসন থেকে ফিরে আসেন সেই নির্যাতিত সম্পাদক। পুনরায় প্রকাশিত হয় “আমার দেশ”—যেন মুক্ত হয় সত্যের জানালা। নতুন উদ্যমে পত্রিকাটি আবারও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এগিয়ে যাচ্ছে।
সভাপতির সূচনা বক্তব্যে জাকিরুল ইসলাম মিন্টু বলেন,পাঠক মেলা শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম।
জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও লালন করে “আমার দেশ”-এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের ত্যাগের মহিমায় আমরা পাঠক মেলার ছায়াতলে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজের মাধ্যমে “আমার দেশ”-কে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। নিয়মিত পাঠচক্র আয়োজনের মধ্য দিয়ে “আমার দেশ”-এর পাঠক সৃষ্টিতে কাজ করে যাবে পাঠক মেলা।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন,“স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের মেরুদণ্ড। পাঠক মেলার মতো উদ্যোগ গণসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী মো. জাকিরুল ইসলাম বলেন, “সত্যের পক্ষে যারা কলম ধরেন, তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
সহ-সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান সম্রাট বলেন,“ডিজিটাল যুগেও সৎ সাংবাদিকতা অপরিহার্য—পাঠক মেলা সেই চর্চাকে এগিয়ে নেবে।”
সদস্য ব্যাংকার ফারুক আহমেদ বলেন,“একটি সচেতন পাঠকগোষ্ঠীই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।”
যুগ্ম সম্পাদক জিসানুর খান জিসান বলেন,“তরুণ প্রজন্মকে সত্য ও ইতিহাসের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য।”
প্রচার সম্পাদক মাসুদ রানা বলেন,“সত্যের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।
সাংস্কৃতিক সম্পাদক শারমিন সারা বলেন, আমি ছোট বেলা থেকেই আমার দেশ পড়ি, মাঝখানে বন্ধ ছিল, জুলাই বিপ্লবের পর আবার বের হচ্ছে, এখনও পড়ি আমার প্রিয় পত্রিকাটি। শিল্প ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য আমার দেশের দেশপ্রেমের গান গাইবো আমরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইসরাত জাহান শান্তা বলেন,পাঠাভ্যাস গড়ে তোলা এবং চিন্তার জগৎকে প্রসারিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, মেহেদী হাসান,মঞ্জুরুল হক, পাঠক মেলার রকিবুল হাসান বাঁধন, আল আমুর রহমান রাফিদ, জান্নাতুল নাহার রেশমা ও ইয়াসিন আরাফাত ইফতিসহ বক্তব্য রাখেন অনেকেই।
অভিষেক অনুষ্ঠানে বাচিক শিল্পী জাকিরুল ইসলাম মিন্টুকে সভাপতি ও কবি হৃদয় লোহানীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পাঠক মেলা জামালপুর জেলা শাখার সকলকে পরিচয় করিয়ে দেন “আমার দেশ” জামালপুর প্রতিনিধি শওকত জামান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

