ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার মানসুরা আক্তার, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত দুই দিনে প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় তুলনামূলক তরুণ নেতৃত্ব হিসেবে মানসুরা আক্তারের অন্তর্ভুক্তি দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানসুরা আক্তারের রাজনৈতিক পথচলা শুরু ছাত্ররাজনীতি থেকে। ইতোমধ্যেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার ভিত্তিতেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের হাফেজ মো. শাহজাহানের মেয়ে। ১ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা সদরে বালিকা বিদ্যালয় রোডে পিতামাতার সাথে বসবাস করছেন। তিনি এখনও অবিবাহিত। এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে তৃণমূল পর্যায়ে একটি পরিচিত মুখে পরিণত করেছে।
চূড়ান্ত তালিকায় মানসুরা আক্তারের পাশাপাশি সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খানের মতো অভিজ্ঞ নেত্রীরাও রয়েছেন। ফলে অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে এবারের তালিকা সাজানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মনোনয়ন ঘোষণার পর পূর্বধলা ও নেত্রকোণা জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ধলামূলগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সমর্থকেরা মিষ্টি বিতরণ ও আনন্দ-উৎসব করেন।
স্থানীয় নেতাদের আশা, জাতীয় সংসদে সুযোগ পেলে মানসুরা আক্তার এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অর্জন রাজপথের আন্দোলনে সম্পৃক্ত সব ছাত্রকর্মীর। তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

