ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে আবারও নয়জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় জেলার ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকার ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯ পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে। বাকি সাতজন প্রাপ্তবয়স্ক পুরুষ। আটজনের বাড়ি খুলনার বাগেরহাট জেলায় এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামে। ধোবাউড়া উপজেলার বাসিন্দা তামির উদ্দিনের বয়স ৩৬ বছর, তার বাবার নাম আব্দুর রহিম। জানা গেছে, তিনি এক বছর আগে ভারতে গিয়েছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, পুশইন হওয়া এসব বাংলাদেশি আট বছর ধরে ভারতের চেন্নাই শহরের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি চেন্নাই পুলিশ তাদের ওপর ধরপাকড় শুরু করলে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় ভারতের শিবগঞ্জ পুলিশ তাদের সীমান্ত এলাকায় আটক করে এবং পরে সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে পুশইন করে দেয়। খবর পেয়ে কড়ইগড়া বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে স্থানীয় একটি মাদ্রাসায় নিরাপদ হেফাজতে রাখে।
এ বিষয়ে বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান জানান, ‘ভারত থেকে পুশইন হওয়া নয়জন বাংলাদেশিকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ধোবাউড়া থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

