ভৈরবে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

ভৈরবে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

কিশোরগঞ্জের ভৈরবে এক নেতাকে হাইব্রিড ডাকায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলাম, তার ছেলে রাতুল, সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়া ও জসিম মিয়া। গুরুতর আহতদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। এসময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে হাইব্রিড নেতা বলে স্লোগান দিলে সংঘর্ষে বাঁধে।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার মিয়া বলেন, বাকবিতণ্ডা নিয়ে হঠাৎ সফিকুল ইসলামের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। ঘটনাটি বিএনপির নেতৃবৃন্দ এসে মীমাংসা করে দেন। পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভীন জানান, মারামারি ঘটনায় পাঁচজন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ওসি ফুয়াদ রুহানি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতর কথা আমি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন