খাদ্য-পুষ্টি ঘাটতি পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধিকরণ, পরিবেশ রক্ষা ও সবুজায়ন আন্দোলনকে বেগবান করতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনস্বার্থ ফুলবাড়ীয়া’।
২০৩০ সালের মধ্যে সারা উপজেলায় ১০ লাখ বৃক্ষরোপণের সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে মাত্র এক মাসে ১০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ রোপণ করা হয়েছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ ফুলবাড়ীয়া গড়ে তোলার প্রত্যয় নিয়েই এই দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধু চারা রোপণেই সীমাবদ্ধ নয়, রোপণকৃত গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্যও স্থানীয় পর্যায়ে বিশেষ টিম কাজ করছে।
সংগঠনের সভাপতি, যুক্তরাষ্ট্রপ্রবাসী খোরশেদ আলম বিপ্লবের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার দূরদর্শী নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক দিক সমন্বয় করে যাচ্ছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সুমন। এছাড়া সহসভাপতি বজলুর রহমান সজল, সহসভাপতি ইউরোপপ্রবাসী মো. রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও আতিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম সাবিত, অর্থবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক মুসান্না সাকিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেহেদী হাসান কবির, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মানিক হোসেন, সম্মানিত সদস্য মো. আরিফুল ইসলাম সুমন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রাজু, সহকৃষিবিষয়ক সম্পাদক সিএম ইমরান, সহসাংস্কৃতিক সম্পাদক মোক্তাতির, ইবনে সাদ শোভন, মো. নাহিদুজ্জামান বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে দিনরাত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্ট ব্যক্তিরা সংগঠনটির এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের জনহিতকর ও পরিবেশবান্ধব কার্যক্রম শুধু ফুলবাড়ীয়ায় নয়, বরং সারা দেশেই ইতিবাচক প্রভাব ফেলবে।
‘জনস্বার্থ ফুলবাড়ীয়া’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে ফুলবাড়ীয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের আনাচে-কানাচে এই বৃক্ষরোপণ অভিযান আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

