নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, দেড় ঘণ্টা অবরুদ্ধ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর, দেড় ঘণ্টা অবরুদ্ধ

নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, এমপি সাহেব নিয়ম ভেঙে পাম্পে তেল নিতে এসেছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষোভে তার গাড়িতে ভাঙচুর চালায়।

এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে সংসদ সদস্য উপজেলা সদরের জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় এসে গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি রেখে পাশের নামাজখানায় মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িতে আকস্মিক হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা নামাজখানায় ঢুকে তার ও তার সহযোগীদের ওপর হামলার চেষ্টা করলে মুসল্লিরা প্রাণভয়ে দরজা বন্ধ করে দেন। পরে দলের সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার এসে তাকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে যান। তবে বিএনপির লোকজন তার দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার বলেন, ঘটনাটি একজন জামায়াত নেতা তাকে ফোনে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় এমপিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমপি সাহেবের লোকজন থানায় এসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান জানান, কিছু উশৃঙ্খল জনতা এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি টিম পূর্বধলায় পৌঁছেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...