আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫
আমার দেশ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুজন উপপরিদর্শক ও একজন সহকারী উপপরিদর্শকসহ ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে।

খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হামলাকারী ১৫ জনকে আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০টি ইয়াবা বড়িসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও টাকা গণনার একটি মেশিন উদ্ধার করে।

বিজ্ঞাপন

হামলায় আহতরা হলেন— ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল, শওকত, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া শ্যামল সরকার নামে স্থানীয় দৈনিকের এক ফটোগ্রাফার আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযানে আটকৃতরা হলেন— উপজেলার ডাইয়ের কান্দার মামুন মিয়া, আল আমিন, তেরোতোপা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া, আমগড়া এলাকার কাউসার আহমেদ, রায়পুর এলাকার আফাজ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা, কসমেটিকসসহ নানান পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ চক্রটি।

ভারতীয় গরু চোরাচালান ও টাকা লেনদেনের গোপন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। তার লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি মামলা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন