কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর ছোট ভাই কটিয়াদী সরকারি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মো. জিদনী মিয়াকে (১৭) প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জিদনী পৌর এলাকার ভরারদিয়া গ্রামের মৃত ধলু মিয়ার ছোট ছেলে।
জানা যায়, ভরারদিয়া গ্রামের ছালামিন ও চড়িয়াকোনা গ্রামের অভিযুক্ত ফয়সালের আত্মীয়তার সম্পর্ক আছে। ধলু মিয়ার চার ছেলের মধ্যে তিন জন প্রবাসে থাকেন।
চড়িয়াকোনা গ্রামের রতন মিয়ার ছেলে ফয়সাল বিশেষ প্রয়োজনে প্রবাসী ছালামিনের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার চায়। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও টাকা ফেরত দিচ্ছে না ফয়সাল। সম্প্রতি ছালামিন বাড়িতে আসার পর ফয়সালের কাছে টাকা ফেরত চায়। একপর্যায়ে এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এতে ফয়সাল টাকাতো দেয়নি, উল্টো প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ইতোমধ্যে ছালামিনের ছুটি শেষ হয়ে যাওয়ায় প্রবাসে ফিরে যায়। কিন্তু ফয়সাল প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে।
বুধবার রাতে জিদনী তার বাড়ির পাশে আল্লাদু পাগলার আস্তানার পাশে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ফয়সালের সঙ্গীরা তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জিদনীকে কুপিয়ে পালিয়ে যায় তারা।
পরে জিদনীকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর বেসরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসার একপর্যায়ে পুনরায় বাজিতপুর বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সময় অবস্থার অবনতি ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে জানাজার পর পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
নিহতের বোন ময়না আক্তার বলেন, ভাইকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গত বুধবার রাতে ভরারদিয়া গ্রামে আল্লাদু পাগলার মাজারে গানের সময় মোমবাতি নিভানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটলে পুলিশ গান বাজনা বন্ধ করে দেয়। পরে জানতে পারি টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে একজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। এ ঘটনায় নিহতের বোন ময়না বাদী হয়ে ফয়সালসহ ৯ জনকে এজাহার নামীয় এবং কতক অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

