মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নে নির্মাণাধীন একটি ব্রিজের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম (৩৫) নামে ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযুক্ত মাসুম তেতুলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া ইউনিয়নের গজধার নৌকাভাঙা ব্রিজ এলাকায় ব্রিজ সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য মাসুম ‘বাংলা ড্রেজার’ ব্যবহার করে ব্রিজের পিলারের কাছে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন। নদীর উপর নির্মিত কংক্রিটের ব্রিজের পিলারের খুব কাছ থেকে বালু উত্তোলনে স্থানীয়দের মধ্যে আশঙ্কা ও ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সাদেকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ অভিযানে ড্রেজার মালিক মাসুমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃষ্টির কারণে ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা আদায় করা হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা জানান, ড্রেজারটি ব্রিজের এতোটাই কাছে বসানো হয়েছিল যে নিচ থেকে মাটি সরে গেলে নবনির্মিত ব্রিজ এবং নদীর পাড় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

